প্রযুক্তি বাজারে ভারসাম্য আনতে আরো ক্ষমতা চায় ইইউ

২১ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৫৭  
বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য ভেঙ্গে দিতে আরও ক্ষমতা চাইছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। প্রযুক্তি দৈত্যদের কারণে ছোট প্রতিযোগিদের স্বার্থ যেন ঝুঁকিতে পড়ে সেজন্য প্রতিষ্ঠানগুলোর ইউরোপীয় কার্যক্রমের কিছু অংশ বিক্রির জন্য বাধ্য করার মতো ক্ষমতা চাইছে সংস্থাটি। একইসঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর পরিশোধের মতো বিষয়গুলোতে সাধারণ জনগণ এবং শেয়ারধারীদের জন্য রেটিং ব্যবস্থা চালু করার পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে। সেই লক্ষ্যেই চলতি বছরের শেষ নাগাদ ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট’ নামে নতুন আইন প্রস্তাব করতে যাচ্ছে কমিশন। এর ফলে প্ল্যাটফর্মে কনটেন্টের জন্য সামাজিক মাধ্যমগুলোর ওপর দায়িত্ব এবং বাধ্যবাধ্যকতাও বাড়বে। এ বিষয়ে ইইউয়ের ইন্টার্নাল মার্কেট কমিশনার থিয়েরি ব্রেটন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যাতে একাই বাজারের দখল না নিতে পারে সে জন্যও এই আইন কার্যকর করা হবে। তবে শুধু অত্যন্ত জটিল পরিস্থিতেই প্রস্তাবিত এই ব্যবস্থাগুলো ব্যবহার করা হবে। আর প্রতিষ্ঠানগুলো যদি গ্রাহককে অন্য প্ল্যাটফর্মে যেতে বাধা দেয় বা একটি সেবা ব্যবহার করতে বাধ্য করে তাহলে আরও কঠোর নীতিমালা আসতে পারে।